ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দেশকে মেধাশূন্য করার চক্রান্তে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: এস এম জিলানী

দেশকে মেধাশূন্য করার চক্রান্তে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: এস এম জিলানী
×

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এস এম জিলানী। ছবি-সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২১:১৬

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। পার্শ্ববর্তী একটি দেশের পরামর্শে বাংলাদেশকে মেধাশূন্য করার চক্রান্তের অংশ হিসেবেই এটি করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত এই শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার গত তিন মাসে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক সমস্যার সমাধানে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে এস এম জিলানী বলেন, মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমি এলাকায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের সকল ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক নির্মূলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। এই ত্রিমুখী সমন্বয় থাকলে এলাকার শিক্ষার পরিবেশ উন্নত হবে। এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এই এলাকায় উন্নয়নে কাজ করে যাব।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।

অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

×