ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:২৫ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২২:২৮
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদীরা এসেছেন; আর এখন আসেন নিতে। দেশে ক্রীড়ামোদীর সংখ্যা কমে যাচ্ছে। তাদের জায়গা রাজনীতিক ও ব্যবসায়ীরা দখল করেছেন। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।
শনিবার দুপুরে যশোরের শামস-উল-হুদা একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে-২০২৬ উদ্বোধন শেষে স্পিকার এসব কথা বলেন। দিনব্যাপী এ আয়োজন উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমি খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ খুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে ওঠে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এখানে এসে ছোট বাচ্চাদের দেখে আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গেলাম। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছিলাম। শুরুতে যশোরে আড়াই বছর চাকরি করেছি। শামস-উল-হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন একাডেমি হয়েছে। আশা করি, বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে। এশিয়ার মধ্যে সেরা দল হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশা ব্যক্ত করেন বলেন, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা।
বিকেলে বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে খুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বাবুফের সহসভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
