জেএসসিতে নকল সরবরাহের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
প্রতীকী ছবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১১:০২
ঢাকার ধামরাইয়ে জেএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহির থেকে ভেতরে নকল সরবরাহের দায়ে চার যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাইয়ের ইউএনও সামিউল হক এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িল্লা গ্রামের দুলাল মিয়ার ছেলে শামিম মিয়া, নওগাও গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল মান্নান, কান্দাপাড়া গ্রামের ওসমান গণির ছেলে রবিউল হোসেন ও লাড়ুয়াকুন্ড গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন।
ইউএনও সামিউল হক জানান, ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন কয়েকজন বহিরাগত যুবক। এসময় বিষয়টি নজরে আসার পর চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করায় তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- জেএসসি
- নকল সরবরাহ
- ভ্রাম্যমাণ আদালত
- কারাদণ্ড