চট্টগ্রামে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগর ছাড়ছেন মানুষ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৭:৫২ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৯:০৯
পবিত্র ঈদুল আজহা পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম ও যানজট উপেক্ষা করেই পরিবার নিয়ে নগর ছাড়ছেন হাজারো মানুষ। এতে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে চট্টগ্রাম নগরী।
নগরীর গরীব উল্লাহ শাহ (র.) মাজার গেইট, অলঙ্কার মোড় এবং শাহ আমানত সেতু সংলগ্ন বাস কাউন্টারগুলোতে দিনভর যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। সোমবার থেকে ঈদের ছুটি শুরু হলেও গতকাল থেকে বেশি সংখ্যক মানুষকে নগর ছাড়তে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রিপের ব্যবস্থা করছে বিভিন্ন পরিবহন সার্ভিস।
বিশেষ করে শাহ আমানত সেতু এলাকায় দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফগামী বাস কাউন্টারগুলোতে ছিল সবচেয়ে বেশি ভিড়। সকাল থেকেই যাত্রীদের চাপে কাউন্টারগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুরের দিকে যানজট তীব্র আকার ধারণ করলে সেতু ও আশপাশের এলাকায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে।
পরিবার নিয়ে টেকনাফে যাওয়ার উদ্দেশ্যে শাহ আমানত সেতু এলাকার একটি কাউন্টারে টিকিটের লাইনে দাঁড়িয়ে ছিলেন বেসরকারি চাকরিজীবী অরমান হোসেন। তিনি বলেন, ‘প্রথমে কক্সবাজার যেতে হবে, পরে টেকনাফ। কিন্তু কোনো গাড়িতে পছন্দমতো আসন পাওয়া যাচ্ছে না। আবার অনেক জায়গায় বাড়তি ভাড়াও চাওয়া হচ্ছে। তারপরও যেভাবেই হোক বাড়িতে যেতেই হবে।’
একইভাবে কক্সবাজারগামী যাত্রী ফয়সাল আহমেদ বলেন, ‘টিকিট নিয়ে বাসে উঠেছি প্রায় আধঘণ্টা আগে। কিন্তু যানজটের কারণে গাড়ি সামনে এগোতে পারছে না।’
পরিবহন সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে কম গুরুত্বপূর্ণ কিছু রুট থেকে বাস এনে বাড়তি ট্রিপ চালানো হচ্ছে। এরপরও একই সময়ে বিপুলসংখ্যক যাত্রী কাউন্টারে ভিড় করায় অনেকে সুবিধাজনক সময়ে টিকিট পাচ্ছেন না।
শাহ আমানত সেতু সংলগ্ন একটি পরিবহন কাউন্টারের দায়িত্বরত কর্মী বলেন, ‘ঈদ উপলক্ষে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি বাস ও ট্রিপ দিয়েও চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় যানজট আরও বাড়ছে। টোল আদায়ে সময় বেশি লাগায় সেতু পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
শাহ আমানত সেতু এলাকার ট্রাফিক ইনচার্জ আবু সাঈদ বক্কর বলেন, ‘একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ নগর ছাড়ায় যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন ধরনের যানবাহন ও যাত্রীদের ভিড়ে সেতু এলাকায় যানজট তীব্র হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
- বিষয় :
- ঈদযাত্রা
