ঘুমন্ত অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সাদাত জামান বিধান
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:৩৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের নবম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সাদাত জামান বিধান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার রাতে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সাদাতের বাড়ি পাবনার সদর উপজেলার কুটিপাড়া গ্রামে। গত রোববার ঢাকা থেকে বাড়ি ফেরেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলে খাওয়া-দাওয়া শেষে রাত ১২টার দিকে ঘুমাতে যান। পরদিন সোমবার সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া পাচ্ছিলেন না স্বজনেরা। সকাল ৯টার দিকে কক্ষের দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে নিশ্চিত হন, তিনি আর নেই।
সাদাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সহপাঠী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। সহপাঠী জাভিদ রহমান অংকন বলেন, ‘সাদাত মেধাবী, বিনয়ী ও বন্ধুবৎসল ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা গভীরভাবে শোকাহত।’
সাদাত জামান পবিপ্রবির ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। পাবনা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সদস্য ছিলেন সাদাত।
- বিষয় :
- শিক্ষার্থী
- মৃত্যু
- পবিপ্রবি
