ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মে মাসের পুরো বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মে মাসের পুরো বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
×

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট কারখানার শ্রমিকরা। ছবি: সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:৩৫

চলতি মে মাসের পুরো বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি কম্পোজিট কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় এ বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং টিপুরদী থেকে মেঘনা টোলপ্লাজা ও অপরদিকে মদনপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার এবং পরিদর্শক (তদন্ত) জামালউদ্দিন ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, এপ্রিল মাসের বকেয়া বেতনসহ চলতি মে মাসের পুরো বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে। তাদের অভিযোগ, মালিকপক্ষ এপ্রিলের বেতন ও ঈদ বোনাস দিলেও মে মাসের পুরো বেতন না দিয়ে শ্রমিকপ্রতি ছয় হাজার টাকা করে দিয়েছে। বাকি টাকা ঈদের পর দেওয়ার কথা বলা হয়েছে।

চৈতি কম্পোজিটের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, বলেন, 'শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। পাশাপাশি চলতি মাসের বেতন থেকে ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। মাস শেষ হওয়ার আগেই পুরো বেতন দাবি করা অযৌক্তিক। তারপরও বিষয়টি বিবেচনা করা হবে।'

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের একাধিক অংশে যানজট ছড়িয়ে পড়ে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো গুলি ছোড়া হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

আরও পড়ুন

×