ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই: এমপি ফয়সল 

মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই: এমপি ফয়সল 
×

সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল এমপি।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৯:১৭

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা। আমার কাছে আসতে কোনো তদবির বা মাধ্যমের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।’ 

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন করা হবে। সরকারি বরাদ্দ আমি নিজে ভোগ করি না, বরং স্বচ্ছতার সঙ্গে জনগণের মধ্যে বণ্টন করি।’

মো. ফয়সল বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আসন্ন জাতীয় বাজেটেও জনগণের জন্য কল্যাণকর পরিকল্পনা থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় ভান্ডার শূন্য করে গেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে। তাই অহেতুক সমালোচনা না করে সবাইকে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। সরকার তার মেয়াদকালে দেশকে সব দিক দিয়ে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা ও বিভিন্ন সরকারি অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×