২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যবসায়ী এখনও উদ্ধার হয়নি
ছবি: সংগৃহীত
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৯:৪৬ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৯:৫৪
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরুবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আইয়ুব মিয়া (৪৫) নামে এক যুবকের এখনো কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা গেছে। বাকি ২৩টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে আকস্মিক বৈরী আবহাওয়ার মুখে পড়ে। প্রবল ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘নৌ পুলিশের মাধ্যমে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সন্ধ্যার পর নদীতে প্রচণ্ড স্রোত, ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এখনও পদ্মায় তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো স্বজনও উপস্থিত হয়নি।’
- বিষয় :
- পদ্মা নদী
- ট্রলার ডুবি
- নিখোঁজ
