ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিয়াউর রহমান জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

জিয়াউর রহমান জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
×

ছবি: সমকাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৯:১৯

‎মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যখন কেউ ছিল না তখন নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যিনি যুদ্ধে নেমেছিলেন তিনি জিয়াউর রহমান।’ শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বার বার বাংলাদেশের সংকটে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জিয়াউর রহমান। যখন তিনি স্বাধীনতার ঘোষণা দেন তখন তিনি ছিলেন একজন মেজর, স্বাধীনতার ঘোষণা মেজর জিয়ার দেওয়ার কথা ছিল না। ওই সময় পূর্বপাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বে যারা আসীন ছিলেন তাদের শীর্ষ নেতৃত্বের ঘোষণাটি দেওয়ার কথা ছিল, কিন্তু শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছে তাদের স্তরে স্তরে থাকা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।’

মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ এর আগুন ঝরা মার্চের আন্দোলনে সাড়া জাতি যখন দিশেহারা, যখন জাতি দিকনির্দেশনার জন্য অপেক্ষা করছিল তখন কাউকে পাওয়া যায়নি। শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হয়েছেন, কিছু নেতা দেশের ভেতরেই আত্মগোপনে চলে গেলেন। সেই সময় সাহস করে একজন বীর, একজন দেশপ্রেমিক নিজের জীবন বাজি রেখে, পরিবারের জীবন বাজি রেখে, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি জিয়াউর রহমান। ঘোষণা দিয়ে তিনি পাশের দেশে চলে যাননি, তিনি চলে  গিয়েছিলেন যুদ্ধের ময়দানে।’

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি বর্তমান হবিগঞ্জ জেলার একটি চা বাগানের ম্যানেজারের বাংলোতে ঠাঁই নিয়েছিলেন, সেখানে ১৩ জন তদানিন্তন আর্মি অফিসারের যে বৈঠক হয়েছিল সে বৈঠকে এমএজি ওসমানীকে সর্বাধিনায়ক করা হয়। সে বৈঠকে জিয়াউর রহমান প্রস্তাব রেখেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনীর  বিরুদ্ধে  যে যুদ্ধ হবে তার নাম হবে মুক্তিযুদ্ধ। তখন সেই বৈঠকে জিয়াউর রহমানের প্রস্তাবটি গৃহীত হয়।’

সখীপুর উপজেলা হল রুমে আয়োজিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ অন্যরা। 

আরও পড়ুন

×