ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি অভিযোগ

এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ
×

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ৩১ মে ২০২৬ | ২০:১১

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে হত্যার হুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাবেক সংগঠক ও শ্রমিক শক্তির সংগঠক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে রায়পুর থানায় রুহুল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। পরে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

এর আগে গতকাল শনিবার রাতে গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন (৩৮) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ক্ষুব্ধ জনতা বাসাবাড়ী বাজার এলাকায় আনোয়ারকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের সময় আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘রায়পুরের এমপি আবুল খায়ের ভূঁইয়ার লোকজন আমার ওপর হামলা করেছে। এর বিচার হওয়া উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের সময় আনোয়ার আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। নিকেজে রক্ষা করতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, কারণ তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

জেলা এনসিপির সিনিয়র সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন বর্তমানে কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক ছিলেন। তার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘আনোয়ার হোসেন নিজেকে এনসিপির নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুহুল আমিন নামে একজন তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। যেকোনো অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×