বগুড়ার সেই এনসিপি নেতা টিটিসি থেকেও বহিষ্কার
আলী আজম সাব্বির খান
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০২:৩৬
নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা আলী আজম সাব্বির খানকে এবার বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে বহিষ্কার করা হয়েছে।
এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পাওয়া সাব্বিরকে সোমবার টিটিসি থেকে বহিষ্কার করা হয়।
টিটিসি সূত্রে জানা গেছে, সাব্বির ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে।
এর আগে গত ২৪ মে টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থী ইভটিজিংয়ের অভিযোগে সাব্বিরকে জুতাপেটা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার পর এনসিপি বগুড়া জেলা শাখা সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
