ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের

মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের
×

দুর্গাপদ মল্লিক ও বিধান মল্লিক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:২৮

চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম। 

নিহতরা হলেন- আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

স্থানীয়রা জানান, দুর্গাপদের বাড়ি আনোয়ারা উপজেলায়। তবে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে তারা আনোয়ারায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ বাকার বলেন, বিধান মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসে ছিলেন তার বাবা। মোটরসাইকেলটি সেতু পার হলে পেছন থেকে পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধানকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে নেওয়ার পর বিধানের মৃত্যু হয়।

আরও পড়ুন

×