সড়কবাতির জ্ঞান অর্জনে ফান্স যাচ্ছেন রাসিক প্রশাসক ও প্রকৌশলী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির বিষয়ে জ্ঞান আহরণের জন্য ১১ দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তাদের ফ্রান্সে থাকার কথা।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকে ফ্রান্স নিয়ে যাবে। তারা দুজন সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির বিষয়ে জ্ঞান আহরণ করবেন।
ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো সিটি করপোরেশনের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এই ভ্রমণের যাবতীয় ব্যয় সিগনিফাই বহন করবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিগনিফাই লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আমদানি করি। আমাদের ডিলাররা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করেন। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে চান, তখন আমরা সবকিছু দেখাতে তাদের ফ্রান্সে নিয়ে যাই।’
এ বিষয়ে মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের শহর তো লাইটের শহর। এখানকার একটি লাইটের দাম অনেক। আমরা যদি সেখানে গিয়ে এই খরচ কমাতে পারি, তাতে আমাদেরই লাভ। আমরা চাইলেই বিদেশে যেতে পারব না। এর জন্য কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।’
প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান বলেন, যে প্রতিষ্ঠান আমাদের নিয়ে যেতে আমন্ত্রণ করেছে, তারা কখনোই এখানকার কোনো টেন্ডারে অংশ নেয়নি। তারা ফান্সের ওলেক সেন্টারে আমন্ত্রণ করেছে। সেখানে যাওয়ার জন্য আমাদের কোনো টাকা লাগবে না, বরং কিছু জ্ঞান অর্জন হবে।
আবার যদি সেখান থেকে বিদ্যুৎ সাশ্রয়ী কোনো উপকরণ বিনামূল্যে পাওয়া যায়, তাহলে আমাদের লাভই হবে।
- বিষয় :
- সড়ক
