ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

রাস্তায় খড় শুকানোয় হামলা আহত নারীর মৃত্যু, বিক্ষোভ

রাস্তায় খড় শুকানোয় হামলা আহত নারীর মৃত্যু, বিক্ষোভ
×

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

ঢাকার ধামরাইয়ের বৈন্যা গ্রামে সড়কের ওপর খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত গৃহবধূ লাইলী বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে দুপুরে বৈন্যা এলাকায় এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এতে নিহতের পরিবার, আত্মীয়স্বজনসহ শত শত গ্রামবাসী অংশ নেন।

ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী লাইলী বেগম গত ২৮ মে দুপুরে বাড়ির পাশেই সরকারি রাস্তায় ধানের খড় শুকাতে দেন। রাস্তার ওপর কেন খড় শুকাতে দিলেন– এ নিয়ে প্রতিবেশী সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য নাহিদা ও তাঁর ছেলে শারমান প্রতিবাদ করেন। এক পর্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই দিনই রাত ৮টার দিকে নাহিদা বেগমের ছেলে শারমান, প্রতিবেশী কায়েস, মামুন, সালমান, নিলয়সহ ১০-১২ জন মিলে লাইলী বেগমকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে রাস্তার ওপর ফেলে লোহার রড, লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পরে এলাকাবাসী তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা করেন। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে লাইলী বেগম মারা যান। এ ঘটনায় ১০-১২ জনকে আসামি করে নিহতের পরিবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। 
গতকাল মানববন্ধনে নিহতের ছেলে নয়ন আহমেদ বলেন, আমার মাকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। মারধরের পর আমি আমার মায়ের সঙ্গে একটি কথাও বলতে পারলাম না। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, নাহিদা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে। 

ঘরে ঢুকে নারীর দুই পায়ের রগ কর্তন
ঢাকার ধামরাইয়ের বাথুলি গ্রামে শাহীন আক্তার (৪২) নামে এক নারীর দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। গুরুতর আহত শাহীন আক্তারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল ধামরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 
আহতের ভাগনে আরাফাত ইসলাম রবি জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকেই খালাকে একা পেয়ে প্রথমে মাথায় কোপ দেয়। এরপর দুই পায়ের রগ কেটে দেয়। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×