ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

হাউসবোটের প্রথম ট্রিপেই প্রাণ গেল শিশুর

হাউসবোটের প্রথম ট্রিপেই প্রাণ গেল শিশুর
×

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোটের মেশিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রিমিয়াম ভ্রমণশৈলী হাউসবোটের উদ্বোধনী ট্রিপে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌমাতা সরকার নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

হাউসবোটের মালিক পঙ্কজ রায় জানান, হাউসবোটটির উদ্বোধনী ট্রিপে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান তারা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশে রওনা হওয়ার পর নিঝুম তার মা ও বোনের সঙ্গে হাউসবোটের পেছন দিক থেকে সামনে আসছিল। এ সময় অসাবধানতাবশত সে হাউসবোটের মেশিনে পড়ে যায়।
তিনি আরও জানান, শিশুটি মেশিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, ‘আমি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দুর্ঘটনায় ছোট মেয়ে নিঝুমকে হারালাম।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পুলিশের এক উপপরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুম দুর্ঘটনায় নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

আরও পড়ুন

×