ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অটোরিকশাকে চাপা দিল পিকআপ ৫ ডাকাতকে ধরে জনতার পিটুনি

অটোরিকশাকে চাপা দিল পিকআপ ৫ ডাকাতকে ধরে জনতার পিটুনি
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার ভোরে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় তাদের আটক করে এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি গ্রামের ফারুক মিয়া, বাহাদুর, পীর কাশিমপুর গ্রামের মনির হোসেন, থোল্লা গ্রামের রবিউল ইসলাম এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের মোহন বেপারি।

জানা গেছে, গতকাল শনিবার ভোরে পিকআপ ভ্যানে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল ডাকাত দল। চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় পিকআপটি। পরে স্থানীয়রা ধাওয়া করে পাঁচজনকে আটক করে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর শুরু করে। পরে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ পাঁচজনকে থানায় নিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতার একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×