ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর

প্রকাশ্যে নির্যাতনের ৪ দিনেও আইনি ব্যবস্থা নেই

প্রকাশ্যে নির্যাতনের ৪ দিনেও আইনি ব্যবস্থা নেই
×

প্রতীকী ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৯:০১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতনের চার দিনেও আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। পরিবারের কেউ মামলা করতে আসেনি জানিয়ে পুলিশ বলছে, এ কারণে ওই ঘটনায় নেতৃত্বদানকারীদের ধরতে অভিযান চালানো হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। এদিকে মারধরে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করছেন।

গত বৃহস্পতিবার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে নির্যাতনের শিকার হন ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা হবি মিয়া (৪০)। সামাজিক মাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হবি মিয়াকে গামছা দিয়ে দীর্ঘক্ষণ চোখ বেঁধে রাখা হয়। পরে দড়ি দিয়ে তাঁর হাত বাঁধে কয়েকজন। পরে তাঁকে মাটিতে বসিয়ে বাঁধা হাত পায়ের কাছে নিয়ে হাত ও পায়ের ভেতর পাইপ ঢুকিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়। এ সময় দুই ব্যক্তি হবি মিয়াকে চেপে ধরে রাখেন। অন্য দুজন একজনের পর একজন লাঠি দিয়ে তাঁর পায়ের তালুতে জোরে আঘাত করেন। এ সময় ‘মা গো, বাবা গো’ বলে চিৎকার করতে শোনা যায় হবিকে। পরে মাদক সেবন ও বিক্রি না করার অঙ্গীকার রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এই ভিডিওচিত্র নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা দেখা দেয়। এই ভিডিও শেয়ার করে রুহুল আমিন রিপন নামে একজন লেখেন, ‘দেশের অনেক বড় বড় ব্যক্তিরাই ইয়াবা ব্যবসা করেন। নেতারা ইয়াবা নিয়ন্ত্রণ করেন। পুলিশ তাদের কাছ থেকে নাকি মাসোহারা নেয়। মাঝে মধ্যে যদিও গ্রেপ্তারও করে, পরে আদালত মাদক বিক্রেতাদের ছেড়ে দেয়। এই হলো বাস্তবতা।’

সমাজসেবক ব্যারিস্টার জাকির আহমেদ মনে করেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। মামলা ছাড়াই আইন হাতে তুলে নেওয়ার অপরাধে পুলিশ সালিশে অংশগ্রহণকারী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারে। মাদক ব্যবসা যেমন বেআইনি, তেমনি আইন হাতে তুলে নেওয়াও বেআইনি। মাদকের কারবারে যারা জড়িত, তাদের যেমন আইনের আওতায় আনতেই হবে, আবার আইন যারা হাতে তুলে নেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গতকাল রোববার বিকেলে বলেন, ‘নির্যাতনের শিকার হবি মিয়ার এক আত্মীয় কিছুক্ষণ আগে এসেছিলেন। তিনি কোনো মামলার ঝামেলায় জড়াতে চান না বলে জানিয়েছেন। মামলা না করলে আমরা ধরব কীভাবে?’

আরও পড়ুন

×