সাক্ষাৎকারে উপস্থাপকের সঙ্গে বাগ্বিতণ্ডা, মাইক্রোফোন খুলে চলে গেলেন ট্রাম্প
ট্রাম্প নিজের মাইক্রোফোন খুলে সাক্ষাৎকার শেষ করে চলে যান। ছবি: সংগৃহীত
নিউইয়র্ক পোস্ট
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৯:৪৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকার চলাকালে এনবিসি নিউজের উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার-এর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে সাক্ষাৎকার মাঝপথে ত্যাগ করেছেন। এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী ফল গণনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ভোট গণনায় বিলম্ব হচ্ছে কারণ সেখানে নির্বাচনে কারচুপি হয়েছে।
ট্রাম্প বলেন, নির্বাচন শেষ হওয়ার কয়েক দিন পরও ফলাফল চূড়ান্ত না হওয়া অস্বাভাবিক। এর জবাবে ওয়েলকার উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ও অন্যান্য ভোট গণনার কারণে ফল প্রকাশে সময় লাগে।
এ সময় ওয়েলকার ট্রাম্পের কাছে নির্বাচনে কারচুপির দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, 'আমার শুধু দেখলেই হয়,' এবং তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের কথাও উল্লেখ করেন। তবে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
ওয়েলকার পুনরায় বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনে কারচুপির দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি সংবাদমাধ্যমকেও ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘অসৎ’ বলে অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, বিভিন্ন প্রধান মার্কিন সংবাদমাধ্যম নির্বাচনী অনিয়মের বিষয়টি আড়াল করছে। তর্ক-বিতর্ক চরমে পৌঁছালে ট্রাম্প বলেন, 'যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, ডার্লিং।' এরপর তিনি নিজের মাইক্রোফোন খুলে সাক্ষাৎকার শেষ করে চলে যান।
সাক্ষাৎকার শেষে ওয়েলকার জানান, এ আয়োজনের জন্য তিনি উইসকনসিনে গিয়েছিলেন। জবাবে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘ সময় ধরে সাক্ষাৎকার দিয়েছেন এবং সংবাদমাধ্যমের আচরণ পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের এমন উত্তপ্ত বাক্যবিনিময় নতুন নয়। কয়েক দিন আগেও এক সংবাদ সম্মেলনে তিনি সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্স-কে লক্ষ্য করে সমালোচনামূলক মন্তব্য করেন এবং সিএনএন-কে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ বলে আখ্যা দেন।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- যুক্তরাষ্ট্র
- সাক্ষাৎকার
