ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মিলল যুবকের মৃত্যুর খবর

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মিলল যুবকের মৃত্যুর খবর
×

আলমগীর হোসেন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৭:০৮

লিবিয়ায় অপহৃত হওয়ার আড়াই মাস পর আলমগীর হোসেন (৪৫) নামে নওগাঁর এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবার জানিয়েছে, গত ২৮ মার্চ সন্ধ্যায় ত্রিপোলির কর্মস্থল থেকে পুলিশের পোশাক পরিহিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

আলমগীর হোসেন মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মৃত দিদার বক্স খাঁনের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লিবিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আলমগীরের ভাই লিবিয়াপ্রবাসী জিল্লুর রহমান জানান, আলমগীর হোসেন ত্রিপোলির তাজুয়ারা ডিসি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ মার্চ মাগরিবের নামাজের পর কর্তব্যরত অবস্থায় পুলিশের পোশাকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

জিল্লুর রহমান বলেন, ‘আলমগীরকে উদ্ধারের জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। সন্ত্রাসীদের ওই আস্তানায় আরও ৩১ বাংলাদেশিকে জিম্মি করে রাখা হয়েছিল।’  

জিল্লুর রহমান আরও জানান, ওই আস্তানা থেকে মুক্তিপণ দিয়ে পাঁচজন মুক্তি পান। আলমগীরের কাছেও ২৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় অন্তত এক মাস আগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গতকাল দূতাবাসের মাধ্যমে উদ্ধার হওয়া জিম্মিদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তাদের মোবাইলে ধারণ করা ছবি দেখে সেটি আলমগীর হোসেন বলে নিশ্চিত হন তারা।

আলমগীরের মরদেহ উদ্ধার ও দেশে পাঠানোর জন্য দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানান জিল্লুর রহমান।

নিহত আলমগীরের স্ত্রী শাহিনা আক্তার বলেন, আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২৮ মার্চ কাজে যাওয়ার আগে তার সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়েছিল। এর পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের কাছে মুক্তিপণও দাবি করেনি।

শাহিনা আক্তার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বামীর মরদেহ দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। 

আরও পড়ুন

×