চাঁদাবাজির অডিও ফাঁস ছাত্রদল নেতা বহিষ্কার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
‘এইডা আমার বাড়ির রোড, এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না, বুঝেন নাই! ফাফরের কাম বাজে নাই, আমি ফাফরে ডরাই না।’ গাজীপুর মহানগরের ছাত্রদল নেতা রাতুল শিকদার অমির চাঁদাবাজির এমন একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এরপর মহানগর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের এই সভাপতিকে গতকাল মঙ্গলবার প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে শোনা যায় ছাত্রদল নেতা রাতুল শিকদার অমি বলছেন, ‘আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, অন্যদিন দিয়েছেন পাঁচশ টাকা। আজকা ভাই দুই, তিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠাইবেন নাকি বুঝলাম না। আট হাজার টাকাই তো বুঝলাম না ভাই। অফিসের কিন্তু কিছুই বার করতে পারবেন না। আপনি টাইম দিছেন পাঁচটা সাড়ে পাঁচটা, সাড়ে পাঁচটার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই বা ব্যাকও করলেন না। আমারে বুঝান, ফোন ধরেন নাই কেন। আপনার এত বড় ক্ষমতা, ফোন ধরেন দেহি। ফোন ধরেন না, আবার আরেকজনের নাম ভাঙান মিয়া। এনে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া, আপনি সুমন লস্করে কইয়েন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না।’
ভয়েস মেসেজের মাধ্যমে পাঠানো এ অডিও গতকাল ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তবে ছাত্রদল নেতা রাতুল কাকে প্রায় দেড় মিনিটের এ মেসেজ পাঠিয়েছিলেন সেটা জানা যায়নি।
এ বিষয়ে জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, অডিও রেকর্ডটি আমাদের কাছে আসার পরপরই তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- চাঁদাবাজি
