দুমড়েমুচড়ে যাওয়া লরির কেবিনে আটকে চালক আহত, পৌনে এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সমকাল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১৪:৩৭
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লরির ধাক্কায় কেবিনে আটকে গিয়ে চালক মো. নিজাম উদ্দিন (৫০) আহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক মো. নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মৃত ইমাম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একটি ট্রাক মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে চালক এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে লরির কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকে পড়েন। কেবিনের বাইরে তার হাত ঝুলে ছিল এবং শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট তিনি কেবিনে আটকে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন বলে জানা গেছে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে তাকে উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রমে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্লা মং মারমা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কেবিনে আটকে থাকা চালককে দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ওসি শরীফুজ্জামান বলেন, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম ও যানবাহন সরানোর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
