আ’লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
বিএনপি নেতাকর্মীদের মিছিল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১৬:১০
শরীয়তপুরের সদর উপজেলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সরদার, যুবদল নেতা মাহফুজ সরদার, বোরহান মোল্লাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গত সোমবার গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। মামলায় তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে আওয়ামীলীগ নেতা লিটন মুন্সির পক্ষে মিছিল করা যুবদল নেতা মাহফুজ সরদার বলেন, ‘আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি আমাদের দলের একজন কর্মী। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি। তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর বলেন, ‘এটি ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি ছিল না। বিনোদপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- শরীয়তপুর
- বিএনপি
- আওয়ামী লীগ
- মিছিল