তিতাসে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৭:১০
কুমিল্লার তিতাসে টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাই মানিক মিয়া (৪২) নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ছোট ভাই রাজিব মিয়া কোদাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জগত ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার বাড়ির টিউবওয়েলটি প্রায়ই ব্যবহার করতেন তার ছোট ভাই রাজিব মিয়া। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিবারের অভিযোগ, রাজিবের ব্যবহারের কারণে টিউবওয়েলটি প্রায়ই নষ্ট হয়ে যেত।
বুধবার দুপুরে রাজিব আবারও টিউবওয়েল ব্যবহার করতে এলে মানিক মিয়া তাকে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব মিয়া তার বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলার বাম পাশে কয়েকটি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, ‘রাজিব প্রায় প্রতিদিন আমাদের টিউবওয়েল ব্যবহার করত এবং প্রায়ই সেটি নষ্ট করে ফেলত। আজও এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে কোদাল দিয়ে গলায় আঘাত করে।’
খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’