ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি
×

খুলনা সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৫:১৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৫:৫০

খুলনায় ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৩৪৯টি সাইক্লোন শেল্টার। স্থানীয় মানুষকে সচেতন করতে চারটি উপজেলায় চলছে মাইকিং।

শুক্রবার বিকেল ৪টায় খুলনা সার্কিট হাউসে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, দুর্যোগ মোকাবেলায় খুলনায় ৩৪৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় ও ৯টি উপজেলায় মোট ১৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় মানুষকে সচেতন করার জন্য জেলার দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলায় দুপুর থেকে মাইকিং করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা পর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ১০ থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠেয় রাসমেলায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সাইক্লোন পিপাডনেস প্রোগ্রামের (সিপিপি) কর্মীরা প্রস্তুত রয়েছেন।

সভায় খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড, খুলনা সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, কৃষি অফিস, আবহাওয়া অফিস, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ এর কর্মকর্তা, স্কাউটস, রেড ক্রিসেন্ট, বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকেই খুলনার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মংলা বন্দরে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে মালামাল বোঝাই ও খালাসের কাজ স্বাভাবিক রয়েছে। তবে বিপদ সংকেত দেখাতে বলা হলে তখন কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন।

আরও পড়ুন

×