ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ঝোপে পড়ে ছিল ‘চশমা সাইদের’ গলা কাটা লাশ

ঝোপে পড়ে ছিল ‘চশমা সাইদের’ গলা কাটা লাশ
×

সাইদ সরদার ওরফে চশমা সাইদ

যশোর অফিস

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৪:৩৪

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদের’ গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকুও পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×