গ্যাস লাইনে লিকেজ, কোনো সাড়া নেই কর্তৃপক্ষের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত ও বড় আবাসিক এলাকা নতুনপাড়া ও হাজীপাড়ার সংযোগ সড়কের একটি অংশে গত কয়েক বছর ধরে গ্যাস লাইনে লিকেজ (ছিদ্র) চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ফলে ওই এলাকার শত শত পরিবার অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দিন কাটাচ্ছে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বারবার জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপককে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও তিনি তা আমলে নিচ্ছেন না।
মহল্লার বাসিন্দারা জানান, গত বছরের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই লিকেজ হওয়া সড়কের ওপরের অংশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। আরসিসি ঢালাইয়ের মোটা সড়কটি এতটাই গরম হয়ে গিয়েছিল যে, সেখানে পা রাখা যাচ্ছিল না। সড়কের পাশের ড্রেনের ফাঁক দিয়ে নিচের গ্যাস পাইপে আগুনের শিখাও দেখতে পান স্থানীয়রা।
লিকেজ হওয়া জায়গার ঠিক পাশেই বাস করেন কবি ও সাংবাদিক সৌরভ ভূষণ দেব এবং ব্যবসায়ী জয়নাল আবেদীন চৌধুরী। তারা বলেন, ভূগর্ভে সৃষ্ট আগুনের তাপে আরসিসি ঢালাইয়ের সড়কটি প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। সড়কের একপাশের ড্রেনের স্ল্যাবগুলো উড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আশপাশের বাড়িঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
তারা আরও জানান, খবর পেয়ে ওই দিন রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সে সময় জালালাবাদ গ্যাসের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত জায়গায় লাল নিশান টানিয়ে দেন এবং দ্রুত লিকেজ মেরামতের আশ্বাস দেন। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। অথচ, এই ঘটনার প্রায় এক বছর পেরিয়ে গেলেও লিকেজ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ব্যবসায়ী জয়নাল আবেদীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেইন লাইনের এই বিপজ্জনক লিকেজটি মেরামতের জন্য ২০২৪ সালের ৫ নভেম্বর জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেছিলাম। এরপর কয়েক দফায় কার্যালয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।’
এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংকার রতন রায় ও সাংবাদিক ঝুনু চৌধুরী বলেন, নতুনপাড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই লিকেজের কারণে আশপাশের বাসিন্দারা ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছেন। অসাবধানতাবশত সড়কের ড্রেনের ফাঁক দিয়ে কেউ বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ বা দেশলাইয়ের কাঠি ফেললে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে। সার্বক্ষণিক এক আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, শহরের কাজীর পয়েন্ট, মোহাম্মদপুর ও নতুনপাড়ায় তিনটি গ্যাস লিকেজের বিষয়ে তিনি নিজে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই লিকেজগুলো বন্ধ করতে সিলেট থেকে বিশেষ ‘রাইজার পার্টি’ এসে কাজ করতে হবে।
- বিষয় :
- গ্যাস
