সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ছবি- সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৩:৩০
ফরিদপুরের সালথায় হাত-পা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্নসহ পান্নু ফকির (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা এলাকার একটি সড়কের ওপর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পান্নু ফকির ওই এলাকার রহমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পান্নু ফকির জমিজমা-সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ একাধিক গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তি বুধবার রাতে জমিজমা-সংক্রান্ত একটি সালিশ থেকে বাড়ি ফিরছিলেন। তার শরীরে গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
