বরিশালে ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৭:৫৪ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৮:০৫
বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী।
বৃহস্পতিবার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সীর পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেড. এ. খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের প্রয়াত আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্ত মাইশা আক্তার মুন্নী।
পুলিশ জানায়, রাতে তারা নান্না মুন্সীর পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- যুবলীগ নেতাসহ গ্রেপ্তার
- ইয়াবা সেবন
- উজিরপুর
