ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: মহাসড়ক অবরোধ করল নেতাকর্মীরা

রাতে ব্যারিকেড সরাল পুলিশ-প্রশাসন

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: মহাসড়ক অবরোধ করল নেতাকর্মীরা
×

ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১০:৫৯ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১১:৪৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে নেতাকর্মীরা বিক্ষোভ-প্রতিবাদ করেছে। রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে আসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা। 

গতকাল মঙ্গলবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে দেওয়া এসব ব্যারিকেড রাতে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণা করেন। এই খবর সীতাকুণ্ড এলাকায় পৌঁছানোর পরপরই দুপুর ১২টার পর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশ রাস্তায় নেমে আসেন। 

উপজেলার ছোট দারোগারহাট, রয়েল সিমেন্ট গেট, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুরসহ মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং গাছ কেটে ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় তারা রায়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। হুট করে মহাসড়ক অবরোধের ফলে দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরগামী প্রবাসী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীতাকুণ্ড থানা পুলিশ এবং বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে অবস্থান নেয়। পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিকেল ৩টার দিকে উপজেলার ছোট দারোগারহাট ও রয়েল সিমেন্ট গেটসহ অন্যান্য পয়েন্টে মহাসড়কের ওপর ফেলে রাখা গাছ ও প্রতিবন্ধকতাগুলো পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সরিয়ে নেওয়া হয়। এরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একাধিক স্থানে ১০টির অধিক গাছ কাটা হয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় এবং ব্যারিকেড অপসারণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বর্তমানে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বার-আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, মহাসড়কের কয়েকটি স্থানে হঠাৎ ব্যারিকেড দেওয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এতে ২০ কিলোমিটারের অধিক সড়কে যানজট সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে ব্যারিকেড সরানো হলে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

আসলাম চৌধুরীর অনুসারী সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ডা. কমল কদর দাবি করেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত ও ত্যাগী নেতা আসলাম চৌধুরীকে রাজনৈতিক চক্রান্তের শিকার বানানো হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা থাকলেও ওই বৈঠক হয়নি। আজ বুধবার দলের বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা হবে।

তবে রায়ের প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় এর বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে। 

আরও পড়ুন

×