ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
×

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। একই সঙ্গে নিরাপত্তা প্রহরীদের কোনো গাফিলতি ছিল কিনা, সেটিও তদন্ত করে দেখা হবে।
সামাজিক মাধ্যমে ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছেন। তাদের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম। মিছিলকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নানা স্লোগান দেন। তবে ভিডিওতে আশপাশে সাধারণ মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে মিছিলটি বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান আবদুল মান্নান বলেন, ‘আমরা গতকাল (বুধবার) রাত ৩টা পর্যন্ত টহল দিয়েছি। এ সময় তেমন কোনো ঘটনার তথ্য পাইনি। আমাদের ২ নম্বর গেটেও নিরাপত্তা প্রহরীরা দায়িত্বে ছিলেন।’ তাঁর ধারণা, ছাত্রলীগের নেতাকর্মীরা বিকল্প পথ দিয়ে বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন। যেখানে বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। 
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ছাত্রলীগ তো নিষিদ্ধ। যে কারণে তাদের তো বিক্ষোভ মিছিল করার অনুমতি আমরা দিতে পারি না। তারা ভোরবেলা চোরাগোপ্তাভাবে মিছিলটি বের করেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও মূলত ১ নম্বর গেটকেন্দ্রিক। ২ নম্বর গেটে নিরাপত্তা কিছুটা কম।’

আরও পড়ুন

×