ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালাই এলজিইডি অফিস

সরকারি ওয়েবসাইটে এখনও আ.লীগ

সরকারি ওয়েবসাইটে এখনও আ.লীগ
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:১৪

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট হালনাগাদ ও অপ্রাসঙ্গিক তথ্য অপসারণে উদ্যোগ নেওয়া হলেও কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি ওয়েবসাইটে এখনও বহাল রয়েছে বিগত সরকার আমলের রাজনৈতিক কর্মসূচির ছবি। বিষয়টি নিয়ে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উপজেলা কার্যালয়ের ওয়েবসাইটের ফটো গ্যালারিতে ‘মহান বিজয় দিবস-২০১৪’ শিরোনামের ছবিগুলোতে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের দেখা যায়। যদিও ওয়েবসাইটটি ২০২৫ সালের ৩ ডিসেম্বর এবং সর্বশেষ রোববার হালনাগাদ করা হয়েছে, তবুও পুরোনো ছবিগুলো এখনও সরানো হয়নি।

এলজিইডির এক কর্মচারী বলেন, সরকারি ওয়েবসাইট তদারকি দায়িত্ব দপ্তরপ্রধানের। কনটেন্ট নিয়মিত আপডেট হওয়ার পরও বছরের এ ধরনের ছবি বহাল থাকা উচিত নয়।

অধ্যক্ষ আব্দুল করিম বলেন, সরকার পরিবর্তনের পর প্রায় সব সরকারি এলজিইডির ওয়েবসাইটে এখনও বিতর্কিত ছবি থাকা, দায়িত্ব পালনে অবহেলারই ইঙ্গিত দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, সরকারি ওয়েবসাইটে রাজনৈতিকভাবে স্পর্শকাতর ছবি দীর্ঘদিন বহাল থাকা স্বাভাবিক নয়। তিনি দ্রুত এসব ছবি অপসারণ করে বর্তমান উন্নয়ন কার্যক্রমের তথ্য যুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলিমও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি ওয়েবসাইটে এমন ছবি বহাল থাকা গ্রহণযোগ্য নয়।

অভিযোগের বিষয়ে কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন ওয়েবসাইটের পাসওয়ার্ড তাদের কাছে ছিল না। গত সপ্তাহে পাসওয়ার্ড পাওয়ার পর ধীরে ধীরে কনটেন্ট হালনাগাদ শুরু হয়েছে। তিনি বলেন, ‘আজ একটি বিজ্ঞপ্তি আপলোড করেছি। পুরোনো ছবিগুলোও দ্রুত পরিবর্তন করা হবে।’
 

আরও পড়ুন

×