ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বগুড়ায় রাইস মিলমালিককে হত্যা, ট্রান্সফরমার লুটের অভিযোগ

বগুড়ায় রাইস মিলমালিককে হত্যা, ট্রান্সফরমার লুটের অভিযোগ
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৫:১৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৮:২২

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিলমালিককে হত্যা করে মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার ফেনিগ্রাম ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রোববার রাতেও নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এরপর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় তারা।

সোমবার সকালে মোহাম্মদ আলী বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে গিয়ে তাকে বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×