মাতামুহুরিতে পানি বৃদ্ধি, চকরিয়া-মাতামুহুরির অর্ধশতাধিক গ্রাম প্লাবিত
ছবি: সমকাল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৮:১৩
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের মাতামুহুরি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে চকরিয়া ও মাতামুহুরি উপজেলার অন্তত ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিচু এলাকার বসতভিটা ও সড়ক তলিয়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে।
রোববার থেকে টানা বৃষ্টির কারণে মাতামুহুরি নদীর পানি বাড়তে শুরু করে। একই সময়ে বান্দরবানের আলীকদম উপজেলার উজানেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়।
পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি, সুরাজপুর, মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, বরইতলী ও হারবাং ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা, সাহারবিলসহ কয়েকটি এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট চিংড়িঘের ও পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটের কপাট খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চকরিয়া ও মাতামুহুরি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
- বিষয় :
- ভারী বর্ষণ
- পানিবন্দি
- কক্সবাজার