দেড় লাখের বেশি পরিবার পানিবন্দি মৃত্যু বেড়ে ৫৪
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
পাহাড়ধস, বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪তে। আহত ৩৯ জন। বন্যাকবলিত সাত জেলায় ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১।
গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যাক্রান্ত। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা প্লাবিত। বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে মারা গেছেন ৩১ জন। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪, চট্টগ্রামে ১২, বান্দরবানে ২ এবং খাগড়াছড়িতে ১ জন।
বন্যাদুর্গত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খুলেছে। এসব কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জুলাই থেকে রোববার পর্যন্ত অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেশের ৬৪ জেলার অনুকূলে মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম জেলা। জেলাটির জন্য বিভিন্ন ধাপে ৬৫ লাখ টাকা এবং ১ হাজার ২০০ টন চাল দেওয়া হয়েছে।
- বিষয় :
- মৃত্যু