ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জেলগেট থেকে পঞ্চমবারের মতো যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলগেট থেকে পঞ্চমবারের মতো যুবলীগ নেতা গ্রেপ্তার
×

রাসেল পাঠান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১১:২৩

| প্রিন্ট সংস্করণ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন মামলা দায়ের করিয়ে তাতে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এ নিয়ে পঞ্চমবারের মতো জেলগেটে গ্রেপ্তার করা হলো তাঁকে। তাঁর বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে। এর ৪টিতেই তাঁকে জেলগেটে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলো মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া রাসেল পাঠানকে হয়রানি বা গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছিলেন। রাসেল পাঠানের অন্যতম আইনজীবী সেকান্দার আলীর অভিযোগ, গত রোববার বিকেলে এ যুবলীগ নেতার জামিননামা কারাগারে পৌঁছায়। পরে রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাঁকে ফের আটক করে থানায় নিয়ে আসে। নতুন একটি বিস্ফোরক মামলা দায়ের করিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ময়মনসিংহ নগরীর কাশর এলাকার মো. রাকিব বাদি হয়ে ওই রাতে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

রাসেল পাঠানের মা জোবেদা খাতুন বলেন, হাইকোর্ট হয়রানি বন্ধের নির্দেশ দেওয়ার পরও ২০২৪ সালের পুরোনো ঘটনার নাটক সাজিয়ে নতুন মামলা দায়ের করিয়ে রাসেলকে গ্রেপ্তার করল। এটি আমাদের পরিবারের প্রতি অবিচার এবং আদালতের আদেশের প্রতি চরম অবজ্ঞা।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন রাসেল পাঠান। তিনি নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান বলেন, আগের সব মামলায় জামিনে থাকলেও নতুন দায়ের করা মামলায় রাসেল পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছাড়া অন্য কেউ বিস্ফোরক আইনে মামলা করতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কেউ ক্ষতিগ্রস্থ হলে মামলা করতেই পারে।

আরও পড়ুন

×