স্বামীকে হত্যা: কুড়িগ্রামে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৫:৩৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যা মামলায় স্ত্রী, তাঁর সঙ্গী এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামের নুর নাহার, তাঁর বাবা নুর মোহাম্মদ, মা ছকিনা বেগম এবং অপর অভিযুক্ত গফুর।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার দাওয়াতে যাওয়ার কথা বলে কৌশলে তাঁর স্বামী কেতাব উদ্দিনকে গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে নুর নাহার, তাঁর বাবা-মা ও গফুর মিলে কেতাব উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান।
এই ঘটনার পরদিন ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।
- বিষয় :
- কুড়িগ্রাম
- যাবজ্জীবন কারাদণ্ড