ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

উপকূলে ঝড়ো হাওয়ার বার্তা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত 

সাগরে লঘুচাপ

উপকূলে ঝড়ো হাওয়ার বার্তা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত 
×

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৩:২৩

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। 

দেশে গত কয়েক দিন ধরে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। টানা এই বর্ষণের পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং এল নিনোর প্রভাব। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে আরও সক্রিয় হয়ে পড়েছে। এ কারণে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনেই দেশে গড়ে ৩৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পুরো জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় ৭৫ শতাংশ। সাধারণত জুলাই মাসে দেশে গড়ে ৫২৩ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং বৈশ্বিক জলবায়ুগত প্রভাবের কারণে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।
 

আরও পড়ুন

×