শিবির সমর্থক ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:০৫
এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ নানা দাবিতে চলমান আন্দোলনে শিবির সমর্থক ছেলের অংশগ্রহণের ঘটনায় বগুড়ায় মো. ফারুক হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য এবং মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
গত মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী। তিনি ইসলামী ছাত্রশিবিরের সমর্থক। গত মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন। এ প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুরে বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সিফাত তর্কে জড়ান। পরে জেলা বিএনপির কয়েক সিনিয়র নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পুলিশ কর্মকর্তার সঙ্গে সিফাতের তর্কের ছবি সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই বিক্ষোভ পরিকল্পিত।
এই প্রেক্ষাপটে সিফাতের বাবা ফারুক হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত এলো।
জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘আমাকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু এর আগে আমাকে কোনো শোকজ (কারণ দর্শানো) নোটিশ দেওয়া হয়নি। আমার ছেলে ছাত্রশিবিরকে সমর্থন করে। শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেলা বিএনপিতে এমন অনেক নেতা আছেন, যাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতি করেন। আমাকে যদি এই কারণে বহিষ্কার করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি এও মনে করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন। তাই তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফারুক হোসেনকে মহানগর বিএনপি এবং জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।