ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে উত্তাল পদ্মা
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
ফাইল ছবি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ২১:৪৬ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ২৩:০৩
ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
শনিবার সকালে কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এজন্য কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার বিকেল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলো চলাচল বন্ধ থাকবে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া সমকালকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। নদী খুব বেশি উত্তাল না হলে ফেরি চলাচল অব্যাহত থাকবে।
- বিষয় :
- মাদারীপুর
- কাঁঠালবাড়ী
- শিমুলিয়া
- লঞ্চ চলাচল বন্ধ
