সকল নাগরিকের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি- সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৯:১২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৯:২৯
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সম্প্রীতি নষ্টে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধারণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সমান নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশে বিশ্বাস করি, যেখানে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না।
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আমাদের ইশতেহারে রংধনুর প্রতীক ব্যবহার করা হয়েছিল। সাতটি রং মিলেই যেমন রংধনু সৃষ্টি হয়, তেমনি ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের সমন্বয়েই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মীয় বিভাজন কিংবা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের কাছে সব নাগরিক সমান মর্যাদার অধিকারী। আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না, সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চাই।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কেউ যদি দেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- শামা ওবায়েদ
- বাংলাদেশ
- রথযাত্রা