ফুটপাত থেকে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার, হাসপাতালে ভর্তি
হাসপাতালে অসুস্থ ব্যক্তি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১১
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত থেকে অসুস্থ ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় আবর্জনার স্তূপের পাশে দীর্ঘ সময় এক ব্যক্তি পড়ে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান ঘটনাস্থলে যান। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, সমাজকর্মী আকতার আহমদ, সদস্য মাহমুদ হাসান, রাহাত সাকিব প্রমুখ। তারা প্রথমে ওই ব্যক্তিকে মৃত মনে করলেও শরীরে প্রাণের স্পন্দন টের পান। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, খাবার ও নতুন পোশাক দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকারীরা জানান, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তিনি অসংলগ্নভাবে কথা বলছিলেন এবং নিজের পরিচয় জানাতে পারেননি। প্রাথমিকভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- হাসপাতালে ভর্তি