পুরো শরীরেই আর্জেন্টিনা!
রিপন হোসেন
সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৬:৪৯
বিশ্বকাপ বা বড় কোনো ফুটবল টুর্নামেন্ট এলেই প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা কাণ্ড ঘটান ভক্তরা। তবে সিরাজগঞ্জের তাড়াশে আর্জেন্টিনার এক সমর্থক যা করেছেন, তা বেশ ব্যতিক্রমী। প্রিয় দলের আকাশি-সাদা পতাকার রং নিজের পুরো শরীরে মেখে চায়ের দোকানে বসছেন রিপন হোসেন। তাঁর এই অভিনব ফুটবল-উন্মাদনা দেখতে এখন ভিড় করছেন স্থানীয়রা।
তাড়াশ পৌর শহরের তাড়াশ প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় চায়ের দোকান রিপন হোসেনের। তিনি উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই নিজের শরীরকে আকাশি-সাদা রঙে সাজিয়েছেন তিনি।
রিপনকে দেখতে তাঁর চায়ের দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। অনেকে তাঁর সঙ্গে সেলফি তুলছেন, কেউবা ভিডিও করছেন। ফলে সাধারণ এই চায়ের দোকানটি এখন পরিণত হয়েছে ফুটবলপ্রেমীদের আড্ডার জায়গায়।
রিপন হোসেন বলেন, ‘আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। প্রিয় দলের জন্য বিশেষ কিছু করার ইচ্ছা ছিল। সেই আবেগ থেকেই নিজের শরীরকে পতাকার রঙে রাঙিয়েছি। দূর-দূরান্ত থেকে মানুষ আমাকে দেখতে আসে, দোকানে চা খায়—এতে খুব আনন্দ পাই।’
স্থানীয় ক্রেতারা বলেন, ফুটবল নিয়ে অনেকেই নানা ধরনের উন্মাদনা দেখান। কেউ বাড়িতে পতাকা টানান, কেউ জার্সি পরেন। তবে নিজের শরীরকে প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে চা বিক্রি করার ঘটনা তাড়াশে এবারই দেখা গেল।
স্থানীয় সাংবাদিক সাব্বির মির্জা বলেন, ‘রিপনের এই উদ্যোগ প্রমাণ করে, বাঙালির ফুটবল আবেগ ভৌগোলিক দূরত্ব মানে না। বিশ্বফুটবলের উন্মাদনা কীভাবে একটি সাধারণ চায়ের দোকানকেও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে, রিপন তার উদাহরণ।’
- বিষয় :
- সিরাজগঞ্জ
- বিশ্বকাপ ফুটবল
- আর্জেন্টিনা