পথ থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
প্রতীকী ছবি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৯:৪০
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর বাবা কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় মেয়েটি নানাবাড়িতে থাকে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে মেয়েটি তাঁর নানার ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছিল। পথ থেকে এক বন্ধুর সহায়তায় তাঁকে তুলে নিয়ে যায় মুগ্ধ। পরে ৯টার দিকে ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে নির্জন এলাকায় নিয়ে সে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় এক তরুণ পাহারায় ছিল। ঘটনার বিষয়টি জানতে পেরে স্বজনেরা ওই কিশোরীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত তরুণেরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ মুগ্ধকে আটক করে।
রোববার সকালে মেয়েটির নানি বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণের মামলা করেন। এতে মুগ্ধকে গ্রেপ্তার দেখানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করে। তাঁকে আজ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।