ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সংস্কারকাজের দুই দিনের মাথায় সেতুতে আটকে গেল ট্রাক

সংস্কারকাজের দুই দিনের মাথায় সেতুতে আটকে গেল ট্রাক
×

রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কের রাজখালী বেইলি ব্রিজের পাটাতন ধসে গতকাল বৃহস্পতিবার আটকে যায় বাড়তি ইটবোঝাই ট্রাক সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:২০

| প্রিন্ট সংস্করণ

রাঙামাটির রাজখালী বেইলি ব্রিজের পাটাতনে আবারও আটকে পড়েছে একটি ট্রাক। গতকাল বৃহস্পতিবার সকালে কাউখালী-রাণীরহাট সড়কের সাহেবনগর এলাকায় এ ঘটনা 
ঘটে। এতে কাউখালী-রাণীরহাট হয়ে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত শনিবার একই সেতুতে পাটাতন ভেঙে ট্রাক আটকে যায়। সংস্কারকাজের পর গত মঙ্গলবার থেকে এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে দিকে সাহেবনগর এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক রাণীরহাটের দিকে যাচ্ছিল। রাজখালী বেইলি ব্রিজে উঠার পরপরই একাংশের পাটাতন ধসে গিয়ে ট্রাকটি আটকে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে 
যাওয়ায় এলাকাবাসীকে দিনভর চরম ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, এ সড়কের আট কিলোমিটার অংশেই ঝুঁকিপূর্ণ চারটি বেইলি ব্রিজ আছে। নড়বড়ে ও জরাজীর্ণ এসব সেতু দিয়ে পাঁচ টনের বেশি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও বাড়তি পণ্য ও ইট নিয়ে নিয়মিতই ট্রাক এসব সেতু পার হচ্ছে।
কাউখালীর ইউএনও মো. রাজীব হাসান বলেন, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ভাটা থেকে অতিরিক্ত ইটবোঝাই করে পারাপার করা হয়। এ কারণেই বারবার সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পাঁচ টনের বেশি ওজন নিয়ে এসব সেতু নিয়ে যানবাহন চলাচল নিষেধ। এরপরও অতিরিক্ত ইটবোঝাই ট্রাক চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সেতুতে আটকে থাকা ট্রাকটি সরানো হচ্ছে। গতকাল বৃষ্টি হওয়ায় আজ শুক্রবার থেকে মেরামত শুরু হবে।
 

আরও পড়ুন

×