ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টিসিবির গোডাউনে আগুন নেভাতে গিয়ে কিশোরের মৃত্যু

টিসিবির গোডাউনে আগুন নেভাতে গিয়ে কিশোরের মৃত্যু
×

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:৪২

| প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় আটকে নয়ন আলী (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপার্জনক্ষম ছোট ছেলেকে হারিয়ে পরিবারজুড়ে এখন চলছে মাতম।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের শাপলা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আলী হাটবাকইল গ্রামের দিনমজুর আব্বাস আলীর ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা মার্কেটের নিচতলায় টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনে আগুন লাগলে স্থানীরা তা নেভানোর চেষ্টা করে। এতে অংশ নেন নয়নও। একপর্যায়ে আগুন বাড়লে তিনি ভবনের ছাদে থাকা পানির ট্যাঙ্ক থেকে বালতিতে পানি এনে ঢালার চেষ্টা করেন। নিচে নামার সময় দোতলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার সামনে প্রচণ্ড ধোঁয়ায় আটকা পড়ে তিনি মারা যান।
খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিস প্রায় ১০ লাখ টাকার মালপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মাঠে জানাজা শেষে হাটবাকইল গোরস্তানে নয়নকে দাফন করা হয়। নিহত নয়নের বাবা আব্বাস আলী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে নিয়মিত কাজ করতে পারেন না। নয়ন ও তাঁর বড় ভাই কখনও ভ্যান চালিয়ে, আবার কখনও টিসিবির গোডাউনে পণ্য প্যাকেটজাত করে সংসারের খরচ জোগাতেন। দুই ভাইয়ের একটিই ভ্যান ছিল। নয়নের স্বপ্ন ছিল টিসিবি গোডাউনে কাজ করে টাকা জমিয়ে নিজের জন্য আরেকটি ভ্যান কেনার। সেই ভালোবাসার জায়গা রক্ষা করতেই শেষ পর্যন্ত নিজের জীবন বিলিয়ে দিলেন কিশোর নয়ন।

আরও পড়ুন

×