ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

হতদরিদ্রদের চাল আত্মসাৎ

হতদরিদ্রদের চাল আত্মসাৎ
×

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:৪৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১২:৫৯

| প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ জি.আর. চাল আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার সচিবের বিরুদ্ধে। প্রত্যেক সুবিধাভোগীকে ২০ কেজি করে চাল না দিয়ে তিনি মাত্র ১০ কেজি করে বিতরণ করেন।

জানা যায়, সম্প্রতি পৌরসভার সচিবের নামে ৬৮০ কেজি চালের ডিও অনুমোদন হয়। সেই হিসাবে ৩৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের ২০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে, ডিজিটাল স্কেলে ২০ কেজি ওজন করে দেওয়ার পরিবর্তে ৩০ কেজির একটি বস্তা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে প্রত্যেকে পান মাত্র ১০ কেজি করে চাল। এতে ২৭ জনের মধ্যে বিতরণ হয় ২৭০ কেজি চাল। বাকি ৪১০ কেজি চাল কোথায় গেছে–এ নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে।

৮০ বছর বয়সী ছায়েরন বেগম বলেন, ২০ কেজি চাল পেলে কয়েক সপ্তাহের খাদ্যের নিশ্চয়তা মিলত। পেয়েছি  ১০ কেজি। আরেক ভুক্তভোগী শিখা বেগম জানান, প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। অথচ বরাদ্দের অর্ধেক চাল পাননি। দিনমজুর বেবি বেগম বলেন, ‘গরিবের হক মারতে সবাই হা করে থাকে।’

জানতে চাইলে পীরগঞ্জ পৌরসভার পৌর সচিব আব্দুর রহমান রহিম চাল বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। তবে চাল কী করেছেন জিজ্ঞেস করলে উত্তর দেননি। 
পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×