চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ
ছবি- সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৩:২২
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কর্মসূচির শেষ চারাটি রোপণ করে এর সমাপ্তি ঘোষণা করেন উপদেষ্টা।
সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন জেলায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেয়।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফৌজদারহাট ডিসি পার্কের জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পার্কের উন্নয়নকাজ ও পরিবেশ সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন ও সাখাওয়াত জামান সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ, প্লাবন কুমার বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলের রাব্বি।
- বিষয় :
- গাছের চারা
- কর্মসূচি