চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০০:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে লোকাল বাসে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। প্রথমে বাসে অসম্মানজনকভাবে স্পর্শ এবং পরবর্তীতে এর প্রতিবাদ করায় অভিযুক্ত ব্যক্তি গায়ে হাত তুলে চুল ধরে টান দেন বলে অভিযোগ উঠেছে।
পরে বাসের যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নাম মো. জসিম (৩৫)। তিনি ফটিকছড়ির ভোজপুর এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে বাড়ি ফেরার উদ্দেশে চবি দুই নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। বাসে সিটের পেছন থেকে জসিম নামের ওই ব্যক্তি সিগারেটের ছাই ফেলার বাহানায় বারবার তাঁকে স্পর্শ করেন। শিক্ষার্থী ও যাত্রীরা প্রতিবাদ জানালে অভিযুক্ত জসিম তাঁকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে হাটহাজারী এলাকায় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বাসটি ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে থামলে অভিযুক্ত জসিম সিএনজিচালিত অটোরিকশা যোগে এসে পুনরায় বাসে উঠে পড়েন। বাসে উঠে তিনি চবি ছাত্রীর চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় বাসের অন্য যাত্রী ও স্টাফরা মিলে জসিমকে ধরে ফটিকছড়ি থানায় সোপর্দ করেন।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, ঘটনার সময় ওই শিক্ষার্থী একাই বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে তাঁরা ফটিকছড়ি থানার সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তার বিষয়ে কথা বলেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়