ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত কমিটি হচ্ছে না: শিক্ষা অফিসার

শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত কমিটি হচ্ছে না: শিক্ষা অফিসার
×

সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২০:১০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ২০:১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের ফেসবুকে পোস্ট করা রিল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।  

সোমবার বিকেলে তিনি বলেন, ভিডিওতে অপরাধের কোনো বিষয় নেই। প্রতিমন্ত্রীও বিষয়টি জেনেছেন। সবকিছু বিবেচনায় নিয়ে তদন্ত কমিটি করা হবে না।

এর আগে রোববার সিলেট বিভাগের শিক্ষাকর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে অন্যদের কাছ থেকে জেনেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে অশ্লীলতার কিছু নেই। গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না বলেও মন্তব্য করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের আলোচনা ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই উদ্যোগ থেকে সরে আসা হয়েছে।

গত বৃহস্পতিবার প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল নিজের ফেসবুক আইডি থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। সেখানে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে ‘আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চায় হারাতে’ গানটির সঙ্গে হাঁটতে দেখা যায়। শুরুতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও পরে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষিকার পক্ষে অবস্থান নেন।

আরও পড়ুন

×