ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী ভাইদের স্ত্রী-কন্যাদের জিম্মি করে বাড়িতে লুট

প্রবাসী ভাইদের স্ত্রী-কন্যাদের জিম্মি করে বাড়িতে লুট
×

ছবি: সমকাল

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২২:২৬

কুষ্টিয়ার খোকসায় তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে হানা দিয়ে লুটপাট চালিয়েছে ডাকাতেরা। গত রোববার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকরপুর উত্তরপাড়ায় এই ডাকাতি হয়। ভুক্তভোগীদের ভাষ্য, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একটি ঘরে নিয়ে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালপত্র লুটে নেয়।

স্থানীয় সূত্র জানায়, কালিশংকরপুর উত্তরপাড়ার মৃত রহমান খানের ছেলে স্বপন খান, লিটন খান, রিপন খান ও শিপন খান ওমান থাকেন। বাড়িতে তাদের স্ত্রী ও সন্তানেরা আছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন সশস্ত্র ডাকাত স্বপনের আধাপাকা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা স্বপনের স্ত্রী তহুরা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনি ও তাঁর শিশুকন্যার চিৎকারে অন্য জায়েরা দরজা খুলে বের হয়ে আসেন। 

এ সময় ডাকাতেরা তাদের সবাইকে একঘরে নিয়ে চোখ-হাত বেঁধে মেঝেতে ফেলে রাখে। পরে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বপন, রিপন ও শিপনের ঘর তল্লাশি করে ৫ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার গহনা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ভোরের আলো ফোটার পর দরজা বাইরে থেকে বন্ধ করে ডাকাতেরা চলে যায়।
রিপন খানের স্ত্রী রেশমা খাতুন বলেন, বাড়ির সবাই খুবই ভয় পেয়েছে, বিশেষ করে শিশুরা। তারা সারাদিনই আতঙ্কিত ছিল। 

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন গতকাল সোমবার রাতে বলেন, হামলাকারীরা কাঁচি নিয়ে এসেছিল। মালপত্রের সঙ্গে তারা তিনটি ফোন নিয়ে গেছে। ঘটনার তদন্তে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাননি।

আরও পড়ুন

×